Main Menu

আইজিপির জার্মানি সফর নিয়ে যা বলল পুলিশ সদর দফতর

বৈশাখী নিউজ ডেস্ক: বিছানার চাদর কেনার জন্য নয়, এসব জিনিসে ব্যবহৃত উপকরণের মান যাচাই করতেই পুলিশ মহাপরিদর্শক জার্মানিতে যেতে চেয়েছিলেন। সরকারি আদেশে অনিচ্ছাকৃত ভুল থেকে এই বিভ্রান্তির উৎপত্তি হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

মূলত, বিভিন্ন পণ্যের প্রাক–জাহাজীকরণের আগে মান যাচাইয়ের বাধ্যবাধকতা আছে। এ কারণেই পুলিশ মহাপরিদর্শক এ সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু এ ভুল সংশোধন না হওয়া পর্যন্ত তিনি এ সফরে যাবেন না বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ সফরের জন্য যে সরকারি আদেশ বা জিও জারি হয়েছিল, তাতে অসাবধানতাবশত ভুল রয়েছে। আদেশটি এমনভাবে লেখা হয়েছে যেন পড়লে মনে হচ্ছে পুলিশ মহাপরিদর্শক এক লাখ বিছানার চাদর ও বালিশের কভার কিনতে জার্মানিতে যাচ্ছেন। অথচ বিষয়টি সেরকম না। চাদর ও বালিশের কভার কোনোটিই বিদেশ থেকে আমদানি করা হচ্ছে না। জিওর শব্দগত বিন্যাসের কারণেই এ ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।

মো. কামরুজ্জামান বলেন, পাবলিক প্রকিউরমেন্ট রুল (পিপিআর) অনুসরণ করেই কেনাকাটার কাজটি হচ্ছিল। এ ক্ষেত্রে যিনি বা যারা কিনছেন, তার বা তাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং উৎপাদন সংশ্লিষ্ট কাঁচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শনের বাধ্যবাধকতা আছে। এর অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উর্ধ্বতন একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জার্মানি থেকে চাদর আমদানি করা হবে না। বাংলাদেশে যেহেতু ভালো মানের রং তৈরি হয় না, সেহেতু রং যেন ইউরোপীয় মানের হয় সেটা দরপত্রে উল্লেখ ছিল। সেটা দেখতেই পুলিশ মহাপরিদর্শকের এই সফরে যাওয়ার কথা। এর আগের আইজিপিও একই সফর করেছেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সরকারি আদেশের ভুল সংশোধন না হলে পুলিশ মহাপরিদর্শক জার্মানি সফরে যাবেন না। এ বিষয়ে রোববার (১৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে সদর দপ্তর।

Share





Related News

Comments are Closed