Main Menu

জাবিতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

জাবি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অবাধ অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বরস্বতী পূজা পালিত হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের প্রধান পুরোহিতের দ্বারা প্রতিমা স্থাপন ও বাণী অর্চনার মধ্য দিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি নৃবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী কেয়া সাহা বলেন, ‘এবছর করোনা মহামারীর জন্য সীমিত পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। সকাল ৯টার দিকে জাবি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে প্রথম পুষ্পাঞ্জলি দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে প্রায় সতেরশো শিক্ষার্থী পূজায় অংশগ্রহণ করে।’

দিনব্যাপী নানা কর্মসূচি ছাড়াও সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে পূজা মণ্ডপের সঙ্গে সংশ্লিষ্টরা।

এবছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ছাড়াও ফার্মেসি বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ রফিক-জব্বার হল ও আল বেরুনী হলে প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপনের ব্যবস্থা করা হয়।

শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শনিবার সকাল ৭টা ৭ মিনিটে পঞ্চমী তিথি শুরু আর আগামীকাল রোববার সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি সমাপ্ত হবে।

Share





Related News

Comments are Closed