Main Menu

দেশে করোনায় আরো ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ৯০৫২

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে।

একই সময়ে নতুন করে আরও ৯ হাজার ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ২২৮ জনে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৯ হাজার ৪৪৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।

এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৭ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ৩৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, রোগী শনাক্ত হয়েছিলেন আরও ১১ হাজার ৫৯৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed