Main Menu

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। টর্নেডোর আঘাতে অনেক বাড়ি-ঘর ও স্থাপনা লন্ডভন্ড হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোর আঘাতে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএলকেওয়াইকে বেসিয়ার বলেছেন, আমাদের কাছে টর্নেডোতে ৫০ জনের প্রাণহানির তথ্য আছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেছেন, ‌‘আমরা দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে খারাপ কিছু টর্নেডোর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। মৃত্যুর সংখ্যা সম্ভবত ৫০ ছাড়িয়ে যাবে। এই সংখ্যা ১০০ হতে পারে।’

কেন্টাকির গভর্নর ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘হতাহতের এই খবর সত্যিই হৃদয়বিদারক।’ রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার একজন মুখপাত্র বলেছেন, শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকারী কর্মকর্তারা টর্নেডোর আঘাতে মৃত্যু অথবা আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি।

নিউইয়র্ক টাইমস বলছে, কেন্টাকির পশ্চিমাঞ্চলীয় মেফিল্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে টর্নেডো। রাজ্যের গভর্নর বলেছেন, মেফিল্ড কমিউনিটি একেবারে ধ্বংস হয়ে গেছে। সেখানে একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১১০ জন ভেতরে আটকা পড়েছেন।

 

Share





Related News

Comments are Closed