জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান
বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অবশেষে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে বোম্বে হাই কোর্ট তাকে জামিন দিয়েছেন। মাদক মামলায় প্রায় এক মাস কারাবাসের পর জামিন পেলেন তিনি।
এরআগে গত মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন আরিয়ান খানের জামিনের শুনানি স্থগিত রাখেন বিচারপতি নিতিন সাম্বর। বুধবারই কোর্টের কাছে ১ ঘণ্টা সময় চেয়েছিলেন এনসিবির আইনজীবী অনিল সিং।
ওইদিন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার আইনজীবীর পক্ষের কথা শোনার পরই তিন অভিযুক্তের জামিনের শুনানি ফের স্থগিত রাখেন বিচারক। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শুরু হয় আরিয়ানের শুনানি।
দুইপক্ষের যুক্তিতর্ক শেষে জামিন পান শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে শুধু আরিয়ানই নন, এদিন জামিন পান মুনমুন ও আরবাজও।
ছেলের জামিনের জন্য শাহরুখ মুম্বাইয়ের শীর্ষ স্থানীয় আইনজীবী ভাড়া করেছিলেন। দফায় দফায় জামিনের আবেদন করা হয়েছে, শুনানি হয়েছে, কিন্তু আদালত বারবার এনসিবির পক্ষেই রায় দিয়েছিলেন। অবশেষে জামিনের আবেদন গ্রহণ করলেন আদালত।
আরিয়ানের বিরুদ্ধে এনসিবির বিস্তর অভিযোগ। প্রথম পর্যায়ে বলা হয়েছিল, তিনি গত চার বছর ধরে মাদক গ্রহণ করেন। এমনকি দেশ ও বিদেশের বিভন্ন মাদক সরবরাহকারীর সঙ্গেও নাকি তার যোগ রয়েছে। কয়েক দিন আগে নতুন অভিযোগ তোলা হয় আরিয়ানের বিরুদ্ধে। সেটা হলো, বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গেও নাকি মাদক নিয়ে আলাপ করেছেন আরিয়ান। এ কারণে অনন্যার বাড়িতে পর্যন্ত তল্লাশি চালানো হয়।
অন্যদিকে আরিয়ানকে গ্রেফতার করা এবং বারবার জামিন আবেদন নাকচ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত বলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আসছিল। বলিউডের অনেক তারকাও শাহরুখপুত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া মহারাষ্ট্রের কংগ্রেস মুখপাত্র নবাব মালিকও আরিয়ানের সমর্থনে সরব হয়েছেন।
মোট ২০ জনকে গ্রেপ্তার করেছিল এনসিবি। আরিয়ানের দাবি, তাদের মধ্যে আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই তার পরিচয় নেই। যে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিবি তদন্ত এগোচ্ছে, তার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্রের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।
এরই মধ্যে আদালতে ডাক পড়েছে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওখান্ডে নারী কর্মকর্তাদের উপস্থিতিতে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেন। আইন অনুযায়ী, সূর্যাস্তের পর নারীদের জেরা করা যায় না। তাই গত শনিবার (২৩ অক্টোবর) দুপুরে আবার অনন্যাকে জেরা করার কথা এনসিবির।
জানা গেছে, আরিয়ানকে জিজ্ঞাসাবাদের সময় এনসিবি সানায়া কাপুরের নাম জানতে পেরেছিল। তাই বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের কাজিন সানায়াকেও এনসিবি তলব করতে পারে।
গত ২ অক্টোবর মাদকপার্টি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর পরদিন এনসিবি গ্রেপ্তার করে তাকে। দুদফায় জামিন খারিজের পর এনসিবি হেফাজত থেকে গত ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকেই আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান। ম্যাজিস্ট্রেট কোর্টের পর মুম্বই সেশন কোর্টও খারিজ করে দেয় আরিয়ান খানের জামিনের আবেদন।
এরপরই মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী অমিত দেশাই। হাইকোর্টে সতীশ মানশিন্ডে বা অমিত দেশাই নন, আরিয়ানের হয়ে লড়েন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। অন্যদিকে এনসিবির হয়ে লড়েন এএসজি অনিল সিং। বিচারপতি নিতিন সাম্বরের সিঙ্গেল বেঞ্চের কাছে দুই পক্ষই নিজেদের সমর্থনে বক্তব্য পেশ করেছেন।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed