Main Menu

পুকুর থেকে বাবা-মা-মেয়ের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার কয়রায় একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের পুকুরে স্বামী-স্ত্রী এবং তাদের কন্যা সন্তানের লাশ ভেসে ওঠে।

নিহতরা হলেন বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজী ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন টুনি (১৩)।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, সকালে বামিয়া গ্রামের বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী ও কন্যার লাশ পুকুরে ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীরা জানায়, হাবিবুল্লাহ পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার বিকেলে তাদের রাস্তায় বের হতে দেখেছিল তারা। মঙ্গলবার সকালে পুকুরে পানি আনতে গিয়ে এক নারী লাশ দেখতে পায়।

পরে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধারের কাজ শুরু করে। পরে তিনজনের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহাদাত হোসেন বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং তাদের কন্যাশিশু টুনির লাশ ভেসে ওঠে পুকুরে। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে লাশ গোপনের চেষ্টা করা হয়েছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করেছি। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে।

Share





Related News

Comments are Closed