Main Menu

সাত কলেজে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সশরীর ক্লাস আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ২১ অক্টোবর থেকে সাত কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা ক্লাস শুরু করতে প্রস্তুত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জান সাত কলেজের ক্লাস শুরুর বিষয়ে সার্বিক খোঁজ-খবর রাখছেন বলেও জানান তিনি। সশরীরে ক্লাস শুরু করতে ইতোমধ্যে ঢাকা কলেজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

দ্রুতই অন্য কলেজগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণি ছাড়া অন্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকায় আপাতত এই দুই বর্ষের শিক্ষার্থীদের সশরীর ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ দেড় বছরের বেশী সময় পর ঢাবি অধিভুক্ত এই সাত কলেজে সশরীর ক্লাস শুরু হতে যাচ্ছে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতি কম থাকায় বিশেষ বিবেচনায় বিভিন্ন সময়ে এসব কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান ছিলো।

Share





Related News

Comments are Closed