Main Menu

দেশে করোনায় মৃত্যু অনেক কমল, শনাক্ত ৬৬৩

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ১২ জন। যা সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৬৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে।

এর আগে বুধবার (৬ অক্টোবর) সারা দেশে করোনায় মারা যান আরও ২১ জন। এছাড়া শনাক্ত হয়েছে আরও ৭০৩ জনের দেহে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৪, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১ ও খুলনায় ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed