Main Menu

দেশের মানুষের মূল চালিকা শক্তি মাঠ প্রশাসন : প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন। মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন।’

বুধবার সকালে বিসিএস প্রশাসন একাডেমির ১১৯ এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহবাগস্থ বিসিএস প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে সরকার প্রধান বলেন, ‘সব সময় এটা মাথায় রাখতে হবে এই দেশ, মাটি, মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা, একটা সুন্দর জীবন দেওয়া—এটাই লক্ষ্য। আর সেই লক্ষ্যটা পূরণে আসলে মূল চালিকা শক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। কাজেই আপনারা দায়িত্ব সেইভাবে পালন করবেন। এটাই আমি চাই।’

শেখ হাসিনা বলেন, ‘আমি জানি অনেকেই এই করোনাকালীন মানুষের সেবা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। আমাদের প্রশাসনের সবাই টিকাদান কর্মসূচিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন। এত সুন্দরভাবে টিকাদান কর্মসূচি চলছে, এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি, টিকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সমস্যা সৃষ্টি হয়েছে। এমনও হয়েছে একজন একডোজ পেয়েছে, হয়তো ছয় মাস হয়ে গেছে দ্বিতীয় ডোজ পাচ্ছে না। বাংলাদেশে কিন্তু আমরা পরিকল্পিতভাবেই টিকা দিয়ে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে প্রত্যেকেই এবং আমার নিজের দলের নেতাকর্মীরাও শৃঙ্খলা রক্ষা করে যেন টিকা পায় সেজন্য নির্দেশ দিয়েছি। সবাই কাজ করায় এখানে একটা বিরাট সাফল্য অর্জন করতে পেরেছি। বাংলাদেশের কোনও মানুষই বঞ্চিত হবে না। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থাটা আমরা করবো।’

Share





Related News

Comments are Closed