Main Menu

লকডাউনে সারাদেশে খোলা থাকবে স্থলবন্দর

বৈশাখী নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার (২৮ জুন) থেকে ‘সীমিত’ ও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ‘সর্বাত্মক লকডাউন’র ঘোষণা দিয়েছে সরকার।

এই লকডাউনের মধ্যেও স্থল, সমুদ্র ও আকাশপথে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। একই সঙ্গে দেশের সব স্থলবন্দরও খোলা থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের পরিচালক (তথ্য) সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে এনবিআরের কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনা হয়েছে। তাই সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম সচল থাকবে।

এনবিআর সূত্রে জানা গেছে, সারা দেশে ৩০টির বেশি শুল্ক স্টেশন কার্যকর আছে। আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে অন্যান্য দিনের মতো লকডাউনেও এসব শুল্ক স্টেশন খোলা থাকবে। এ ছাড়া এনবিআরসহ অন্যান্য মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে প্রয়োজনীয় জনবল দিয়ে সেবা অব্যাহত রাখা হবে বলে জানা গেছে।

দেশের ১২টি স্থলবন্দরের সব কটিই লকডাউনের সময় খোলা থাকবে। এই স্থলবন্দরগুলো হলো- তামাবিল, শেওলা, বেনাপোল, হিলি, সোনামসজিদ, ভোমরা, বাংলাবান্ধা, বুড়িমারী, আখাউড়া, বিবিরবাজার, টেকনাফ, নাকুগাঁও ও সোনাহাট। এসব স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম চলবে।

Share





Related News

Comments are Closed