Main Menu

প্রসিকিউটর জেয়াদ আল মালুম আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেয়াদ আল মালুম মারা গেছেন।

শনিবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়লে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে মারাত্মক সংক্রমণ ও জটিলতা ধরা পড়ে। সেখানে তার শারীরিক অবস্থান অবনতি হলে গত ২ জুন তাকে সিএমএইচ এ স্থানান্তর করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০১০ সাল থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর মামলার বিচারে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালিন জেয়াদ আল মালুম ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Share





Related News

Comments are Closed