Main Menu

বজ্রপাতের সময় মোবাইল, টিভি খোলা রাখা যাবে না

বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে অনেকের মৃত্যু বাড়ছে। সর্বশেষ বৃহস্পতিবার (২০ মে) তিন জেলায় এ প্রাকৃতিক আঘাতে প্রাণ গেছে অন্তত ১০ জনের। এ আঘাত থেকে বাঁচতে বেশ কয়েকটি উপায় সম্পর্কে বলেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এপ্রিল জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়। বজ্রপাতের সময়সীমা সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট। এ সময় ঘরে অবস্থান করতে হবে। ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাইরে যাওয়া যাবে না।

অতি জরুরি প্রয়োজনে বের হলে রাবারের জুতা পরে বাইরে বের হতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অথবা অনুষ্ঠানে থাকা যাবে না। ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকতে হবে।

যত দ্রুত সম্ভব দালান বাড়িতে আশ্রয় নেওয়া উচিত। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদিতে হাত দেওয়া যাবে না। কালো মেঘ দেখা দিলে নিরাপদে আশ্রয় নিতে হবে। নদীর ওপরে থাকলে ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। গাড়ির ভেতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটানো যাবে না। সম্ভব হলে গাড়ি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে।

বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকা যাবে না। জানালা বন্ধ করে রাখার পাশাপাশি ঘরের ভেতরে থাকতে হবে। মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ খোলা রাখা যাবে না। জরুরি প্রয়োজনে প্লাস্টিক ব্যবহার করা যেতে পারে।

বজ্রপাতের সময় শিশুদের খেলাধুলা থেকে বিরত রাখতে হবে। এ সময়ে কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বজ্রপাতে আক্রান্তদের দ্রুত চিকিৎসা করতে হবে, প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। শ্বাস-প্রশ্বাস ও হৃৎস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

Share





Related News

Comments are Closed