Main Menu

বিশ্বনাথে ঢিলেঢালা ভাবেই চলছে লকডাউন

বিশ্বনাথ প্রতিনিধি : করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার ৫ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হওয়া লকডাউনের গতকাল ছিল প্রথম দিন। যার ফলে গতকাল থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম বন্ধ, গণপরিবহণ এবং নিত্য পণ্যের দোকানপাট ব্যতীত সকল কিছু বন্ধ থাকার কথা থাকলেও লকডাউনের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ৬ এপ্রিল বিশ্বনাথের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তার ভিন্ন চিত্র।

কাগজে ঘোষণায় লকডাউন থাকলেও তা মানছেন না কেউ। বিশ্বনাথ লামাকাজী এলাকা ঘুরে দেখা গেছে ঢিলেঢালা ভাবেই চলছে লকডাউন। কারো মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। লকডাউনের বিধি নিষেধ সম্পর্কে নেই কারো ধারণা। এমনকি সড়কে চলাচল করছে সিএনজি অটোরিকশা-মাইক্রোবাস।

আজ লকডাউনের দ্বিতীয় দিনেও বিশ্বনাথ থানার পুলিশের একাধিক টিম মাঠে থাকলেও মানুষের মধ্যে সচেতনতা ছিল না। ছিল না মুখে মাস্কও। অনেকেই চায়ের দোকানগুলোতে দিয়েছেন আড্ডা।

তাছাড়া, সিএনজি চালিত অটোরিকশায় তিনজন নিয়ে সড়কে চলাচল করার কথা থাকলেও চার/পাঁচজন নিয়ে চলতে দেখা যায়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও করেছেন অনেকে।

অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ ঘোষণার সেই সুযোগে সড়কজুড়ে বিকল্প পরিবহনের ছড়াছড়ি দেখা গেছে। সবমিলিয়ে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন অনেকটাই বলতে গেলে স্বাভাবিকই ছিল বিশ্বনাথের বিভিন্ন এলাকায় গাড়ি চলাচল।

Share





Related News

Comments are Closed