প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ নৌ-বাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.) আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
সোমবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপ্টেন নুরুল হক (অব.) ১৯৭২ হতে ১৯৭৩ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে নিকটাত্মীয় স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন।
আজ মঙ্গলবার বাদ যোহর নৌ সদর দফতর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
ক্যাপ্টেন নুরুল হক তার সুদীর্ঘ চাকুরি জীবনে বিভিন্ন জাহাজ ঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি তৎকালীন পাকিস্তান নৌ-বাহিনীর যুদ্ধজাহাজে সিনিয়র ইঞ্জিনিয়ার অফিসার, ডেস্ট্রয়ার জাহাজে ইঞ্জিনিয়ার অফিসার, ঘাঁটির ইঞ্জিনিয়ার অফিসার এবং ট্রেনিং স্কুলে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এবং পরবর্তীতে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের কেবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ সালে তৎকালীন পাকিস্তান থেকে হতে প্রত্যাবর্তন করে বাংলাদেশের প্রথম নৌ-বাহিনী প্রধান হিসেবে ১৯৭২ সালের ৭ এপ্রিল থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ক্যাপ্টেন নুরুল হক ব্রিটেনের রয়েল নেভাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৫৮ সালে বেসিক ইঞ্জিনিয়ারিং কোর্স এবং ১৯৬১ সালে মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন কোর্স সম্পন্ন করেন।
ক্যাপ্টেন নুরুল হক ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১২ জানুয়ারি ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১ মে ১৯৫৩ সালে কোয়েটায় প্রি-ক্যাডেট ট্রেনিং স্কুলে ক্যাডেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে অক্টোবর ১৯৫৩ সালে পাকিস্তান নেভী ক্যাডেট ট্রেনিং স্কুলে যোগ দেন। তিনি ১৯৫৪ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের ব্রিটানিয়া রয়েল নেভাল কলেজ, ডর্থ মাউথ এ অবস্থিত ‘ট্রাম্প’ এবং ‘ঈগল’ জাহাজ থেকে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেন।
ক্যাপ্টেন নুরুল হক ১ জানুয়ারি ১৯৫৭ সালে ব্রিটেন থেকে কমিশন লাভ করেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed