Main Menu

বাজারে আসছে দশ টাকার নতুন নোট

বৈশাখী নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বাজারে দশ টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০ শতাংশ কটন কাগজ ও নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১২৩ মিমি ও ৬০ মিমি পরিমাপের দশ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতে ইস্যু করা হবে।

নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান দশ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। নতুন এ নোটটি ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত। এছাড়া, নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি ২ মি.মি. প্রশস্থ এবং এতে বাংলায় স্বচ্ছভাবে ‌‌’১০ (দশ) টাকা’ সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিক অবস্থান করবে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রং ম্যাজেন্টা হতে সবুজ রং-এ পরিবর্তিন হবে।

এছাড়া, নোটের রং, ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, মাইক্রোপ্রিন্ট, সম্মুখভাগে খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। প্রচলনে দেয়া নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা দশ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিদ্যমান ডিজাইনে নতুন ২০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট নতুন স্পেসিফিকেশন অর্থাৎ ১০০ শতাংশ কটন কাগজ ও ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা (নিরাপত্তা সুতার রং মেজেন্টা হতে সবুজ রং এ পরিবর্তন এবং সুতায় নোটের মূল্যমান যথাক্রমে ‘২০ (বিশ) টাকা’ ও ‘৫০ (পঞ্চাশ) টাকা’ সংযোজনপূর্বক পর্যায়ক্রমে বাজারে ইস্যু করা হবে।

Share





Related News

Comments are Closed