Main Menu

জাফলংয়ে ধানক্ষেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ধানক্ষেত থেকে রাসেল (২০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার জাফলং এলাকার একটি ধানক্ষেত থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বেতাগড়া গ্রামের সবুর মিয়ার ছেলে ।

গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত শানুর মিয়ার ছেলে মেহেদী হাসান (২৫), একই ইউনিয়নের বেতাগড়া গ্রামের আব্দুল কালামের ছেলে ইব্রাহিম মিয়া (৩০) একই গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে সুলেমান মিয়া (৩৫), তরং গ্রামের আব্দুস ছালামের ছেলে নজির হোসেন (২৮) ও মৃত জামাল মিয়ার ছেলে শাহিদুল ইসলাম (২৬)।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার রাতে রাসেল বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না যাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার গোয়াইনঘাট থানায় নিখোঁজ মর্মে একটি জিডি করেন। এই জিডির পরিপ্রেক্ষিতে থানা পুলিশ রাসেলের সন্ধান করতে গিয়ে শুক্রবার জাফলংয়ের একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক পুলিশ তার লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা প্রাথমিকভাবে এ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন থেকে রাসেল মিয়া জাফলংয়ে বালু-পাথর শ্রমিকের কাজ করছিলেন।

Share





Related News

Comments are Closed