Main Menu

তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শমী কায়সার

বিনোদন ডেস্ক: তৃতীয়বারের মতো সংসার জীবন শুরু করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার।

এর আগে গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বিয়ের সাজে শমী কায়সারকে। সত্যি বিয়ের ছবি নাকি কোনো নাটক-সিনেমার দৃশ্য সেই সন্দেহ দূর করতে অনেকটা সময় লেগে যায়। অবশেষে জানা যায়, সত্যি বিয়ে করেছেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। শমীর বরের নাম রেজা আমিন সুমন।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। গত ৭ অক্টোবর ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। ৯ অক্টোবর ছিল বিয়ের রিসিপশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষ।

নতুন জীবনে পা রাখা প্রসঙ্গে শমী কায়সার বলেন, আমরা দীর্ঘদিন ধরেই পরস্পরের খুব ভালো বন্ধু। বন্ধুত্ব থেকেই পরিণয়। ভালো লাগা এবং বিয়ে।
তিনি আরো বলেন, একজন মানুষকে জীবনসঙ্গী করার জন্য সবচেয়ে যেটা জরুরি তা হলো পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও নির্ভরতার জায়গা। আমাদের মধ্যে সেটি প্রবল বলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

শমী কায়সার জানান, বিয়ের পর থেকে তার ফোন এক মুহূর্তের জন্যও নিশ্চুপ থাকছে না। একের পর এক সবাই ফোন করে শুভেচ্ছাবার্তা দিচ্ছে, দোয়া করছে। তিনি বলেন, এত ব্যস্ততার মধ্যে আমি কাউকেই আরাম করে মনের কথাগুলো বলতে পারছি না। ঘরভর্তি মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন। সবাইকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের বিয়েতে সবাই যেভাবে তাদের আনন্দ প্রকাশ করছে তাতে নিজের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। সবার কাছে একটাই প্রত্যাশা, সেটি হলো দোয়া। যেন আমরা ভালো থাকি।

উল্লেখ্য, শমী কায়সার এর আগে দুই বার বিয়ের পিঁড়িতে বসেন। ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্নব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন শমী। পরে দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। পরে বিবাহ বিচ্ছেদ হয়।

 

Share





Related News

Comments are Closed