Main Menu

এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না

বৈশাখী নিউজ ডেস্ক: করোনার কারণে স্থগিত চলতি বছরের এইচএসসি-সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার উপর মূল্যায়নের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বুধবার (৭ অক্টোবর) সংবাদিকদের সঙ্গে পূর্ব নির্ধারিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবছর সরাসরি এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি ফলের ভিত্তিতে গড় করে মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তাই বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন করে ছাত্র/ছাত্রী বসানো সম্ভব নয়। আবার এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবলও নেই।

যদিও এর আগে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্যে প্রস্তুতি চলছে। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে এই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই পরীক্ষা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়। করোনা কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed