Main Menu

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৪৪৩২ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৪শ ৩২ টাকা করে দাম বাড়ানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে।

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বুধবার বাংলাদেশের বাজারেও সোনার দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এখন ২২ ক্যারেট সোনার প্রতিভরি ৭৭ হাজার ২১৫ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭০ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৩২০ টাকা এবং সনাতনী সোনা ৫৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, করোনায় অর্থনৈতিক মন্দায় সোনায় বিনিয়োগ বেড়েছে। এদিকে জুয়েলার্স সমিতি জানিয়েছে, পাচার রোধেই আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে দাম বাড়ানো হয়।

করোনা মহামারিতে সারাবিশ্বের অর্থনীতিই যখন অনেকটা স্থবির, সেই সময় আন্তর্জাতিক বাজারে দফায় দফায় বাড়ছে সোনার দাম। গত ২০ দিনেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২৪০ ডলারের বেশি। আর চলতি সপ্তাহের মঙ্গল ও বুধবার (০৫ আগস্ট) দুদিনে বেড়েছে প্রতি আউন্সে প্রায় ৭০ ডলার।

২৭ জুলাই ৯ বছরের রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়ায় ১৯৪৪ ডলার। বিনিয়োগ সুরক্ষার বিবেচনায় সোনায় ঝুঁকছেন ব্যবসায়ীরা এমন মত বিশ্লেষকের।

সবশেষ গত ২৪ জুলাই দেশের বাজারে প্রতিভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ৯শ’ টাকা।

 

Share





Related News

Comments are Closed