Main Menu

চলতি বন্যায় সারা দেশে মারা গেছেন ১১১ জন

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মৌসুমের বন্যার শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে মারা গেছেন ১১১ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী- গত ৩০ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশের ২১ জেলায় বন্যায় ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন, সাপের কামড়ে ১২ জন, বজ্রপাতে আটজন এবং অন্যান্য কারণে একজনের মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় পানিতে ডুবে আটজন এবং সাপের কামড়ে তিনজনসহ মোট ১১ জনের মৃত্যু হয়।

এ পর্যন্ত মৃত্যুবরণকারী ১১১ জনের মধ্যে সুনামগঞ্জ জেলায় ১০ জন, লালমনিরহাটে ১০ জন, কুড়িগ্রামে ২০ জন, গাইবান্ধায় ১০ জন, নীলফামারীতে দুইজন, রংপুরে তিনজন, বগুড়ায় ২৭ জন, টাঙ্গাইলে ১৩ জন, মানিকগঞ্জে আটজন, নেত্রকোনায় পাঁচজন এবং শরীয়তপুরে একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বর্তমানে দেশের ২১ জেলা বন্যায় আক্রান্ত। জেলাগুলো হলো- সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নেত্রকোনা, নওগাঁ, ফেনী, ঢাকা, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ।

দেশের ২১ জেলায় চলমান বন্যাজনিত কারণে হাজার হাজার মানুষ পড়েছেন স্বাস্থ্যঝুঁকিতে। ডায়রিয়া, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা (আরটিআই), চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়া সাপের কামড় ও পানিতে ডোবাসহ নানা কারণে মানুষের মৃত্যু হচ্ছে।

বন্যা আক্রান্ত ২১ জেলায় গত ৩০ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত সময়ে ডায়রিয়ায় চার হাজার ২০৯ জন, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় এক হাজার ১১১ জন, বজ্রপাতে ৩৮ জন, সাপের কামড়ে ২৬ জন, পানিতে ডুবে ৯২ জন, চর্মরোগে এক হাজার ৪৫৬ জন, চোখের প্রদাহে ২৪৪ জন, আঘাতপ্রাপ্ত হয়ে ২৭২ জন এবং অন্যান্য রোগে দুই হাজার ১৮ জনসহ মোট ৯ হাজার ৪৬৬ জন আক্রান্ত হন। তাদের মধ্যে মারা যান ১১১ জন।

Share





Related News

Comments are Closed