Main Menu

গাজীপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকার তালহা স্পিনিং মিলের পাশে বৃষ্টিতে জলাবদ্ধ ডোবার পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

নিহত শিশুরা হচ্ছে নেত্রকোনার বারহাট্টা থানার শিমুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে তানিয়া আক্তার (৯), তার ছোট ভাই ইব্রাহীম হোসেন (৬), বগুড়ার সোনাতলা থানার সুদাদপুর এলাকার শামীম হোসেনের ছেলে ফরহাদ হোসেন (৭) এবং একই এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে মিষ্টি আক্তার (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ওই শিশুরা নিখোঁজ হলে বিভিন্ন স্থানে খুঁজে পায়নি। পরে বিকেলে জয়দেবপুর থানা পুলিশ গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, সন্ধ্যার দিকে এসব শিশুর মৃতদেহগুলো স্বজনদের নিকট দেওয়া হয়েছে।

এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চাপাইর এলাকায় সোমবার দুপুরে ৩ বছরের এক শিশু তুরাগ নদে নিখোঁজ হয়েছে। শিশু রাহিম মিয়া (৩) চাপাইর এলাকার হিরো মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, হিরো মিয়ার পুরাতন জুতা বাড়ির পাশে তুরাগ নদের পানিতে ফেলে দেয় তার স্ত্রী। ওই জুতা পানিতে ভেসে যেতে দেখে কৌতুলবশত বাবার জুতা পানি থেকে তুলতে গিয়ে নিজেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী উদ্ধার কাজ চালিয়ে তাকে খোঁজে পায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত রবিবার দুপুরে গাজীপুরের কড্ডায় তুরাগ নদে দূর্জয় ও শাকিব নামে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়। এর মাঝে দূর্জয়ের লাশ সোমবার উদ্ধার করা গেলেও শাকিবকে দুই দিনেও খুজে পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed