করোনা পরীক্ষা সবার জন্য উন্মুক্ত হচ্ছে
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ২৬ জুন থেকে সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করতে যাচ্ছে ঢাকার মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতিটি পরীক্ষার জন্য ধার্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা।
প্রাথমিক পর্যায়ে পরীক্ষার জন্য রোগীরা http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সিরিয়ালের জন্য অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং , ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর রিপোর্ট দেওয়া হবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার পর থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে বলে আইসিডিডিআরবি-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে গণমাধ্যমকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোগীর সঙ্গে কেবল একজন ব্যক্তি পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
আইসিডিডিআর,বি’র ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. দীনেশ মণ্ডল বলেন, ‘আমাদের রোগীদের এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে অগ্রগণ্য বিষয় এবং তাই কোভিড-১৯ রোগীদেরকে উন্নত মানের সেবা প্রদান করার জন্য আমরা আমাদের ডায়াগনস্টিক সেন্টারটিকে পুনঃসংস্কার করেছি। প্রাথমিক পর্যায়ে আমরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টেস্টের প্রক্রিয়া চালু করলেও পরবর্তী পর্যায়ে আমরা এটিকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য আরও সহজতর প্রক্রিয়ায় রূপান্তরিত করব। আমাদের অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান বিজ্ঞানী ও চিকিৎসক এবং অত্যাধুনিক ল্যাবরেটরিসমূহ এখন থেকে রোগীদেরকে উচ্চমানসম্পন্ন রোগনির্ণয় সেবা প্রদান করতে সক্ষম হবে, যার ওপর তারা সব সময়ই আস্থা রেখে এসেছেন।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তর আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টারকে আরটি-পিসিআর প্রক্রিয়ায় কোভিড-১৯ টেস্ট করার অনুমোদন প্রদান করেছে।
এই বাণিজ্যিক টেস্টিং সেবা স্বাস্থ্য অধিদপ্তরকে আইসিডিডিআর,বি’র দেয়া চলমান কোভিড-১৯ টেস্টিং সহায়তা থেকে সম্পূর্ণ পৃথক, আইসিডিডিআর,বি মার্চ মাস থেকে বিনামূল্যে (স্বাস্থ্য অধিদপ্তর টেস্টের জন্য কিট সহায়তা দিয়ে থাকে) সরকার প্রদত্ত নমুনা পরীক্ষা করে আসছে এবং এপর্যন্ত ২৭,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করেছে।
অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য http://covid19test.icddrb.org ভিজিট করুন।
নমুনা সংগ্রহের স্থান: আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টার, ৬৮ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, মহাখালী, ঢাকা।
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed