Main Menu

সিলেটে আরও ৪৫ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪১ জনই সিলেট জেলার ও ৪ জন সুনামগঞ্জ জেলার। এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হলেন ৬০৮ জন।

শুক্রবার (২২ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে এই ৪১ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমানীতে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ৪১টি পজেটিভ আসে।

এদিকে ওসমানী হাসপাতালের একটি সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১৭ জন, কানাইঘাটের পাঁচজন, বিয়ানীবাজারের একজন, বিশ্বানাথের ৬ জন, গোলাপগঞ্জের একজন, বালাগঞ্জের একজন, ফেঞ্চুগঞ্জের দুইজন, জকিগঞ্জের দুইজন ও জৈন্তাপুর উপজেলার ২ জন রয়েছেন।

এছাড়া সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারের একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

সূত্র আরো জানায়, আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য, ব্যাংকার, তিনজন চিকিৎসক ও আরও কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।

এদিকে, এদিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানিয়েছেন, শুক্রবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৬০৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৭ জন, সুনামগঞ্জে ৯২ জন, হবিগঞ্জে ১৫৬ জন ও মৌলভীবাজারে ৮৩ জন।

এর আগে ২১ মে পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৭০ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ জন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed