দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। এছাড়া নতুন করে আরও ৫৪৯ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৪৬২ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন। ফলে মোট সুস্থের সংখ্যা এখন ১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৩০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান নাসিমা সুলতানা।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নিয়েছে আরও নানা পদক্ষেপ। যদিও এরই মধ্যে সীমিত পরিসরে ঢাকাসহ বিভিন্ন এলাকার কিছু পোশাক কারখানা সীমিত পরিসরে খুলতে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৬০৬। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩০ লাখ ৬৫ হাজার ৩৭৪ জন। এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৩১ হাজার ৩৭৯ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৩০০ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ২২ হাজার ৩৮৯ জন (৮১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ১১ হাজার ৬০৬ জন (১৯ শতাংশ) রোগী মারা গেছেন।
নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed