জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী মঙ্গলবার ভোরে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
স্কয়ার হাসপাতালের কর্মকর্তা মোর্শেদ আলম জানান, অধ্যাপক চৌধুরীকে ভোর সাড়ে ৪টায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং পর্যবেক্ষণে থাকাকালীন জরুরি বিভাগেই ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, ড. জামিলুরের জামাতা জিয়া ওয়াদুদ তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিলুর রেজা চৌধুরীর স্বজনরা জানান, গত রাতে ধানমন্ডির বাসায় জামিলুর রেজা চৌধুরী ঘুমিয়ে ছিলেন। আজ ভোরে সেহরির সময় তাঁর স্ত্রী তাঁকে ডাক দেন। কোনো সাড়া না পাওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
জামিলুর রেজা চৌধুরী ১৯৪৩ সালের ১৫ নভেম্বর সিলেট নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার সেন্ট গ্রেগরিস স্কুল এবং ঢাকা কলেজে প্রাথমিক পড়ালেখা শেষ করেন।
তিনি ছিলেন এ দেশের একজন শীর্ষস্থানীয় সিভিল ইঞ্জিনিয়ার, অধ্যাপক, গবেষক এবং শিক্ষাবিদ।
অধ্যাপক চৌধুরী ১৯৯৬ সালে বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। মৃত্যুর আগে তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন।
জামিলুর রেজা চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনেরও প্রধান পরিকল্পনাবিদ ছিলেন।
২০১৭ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সরকার তাকে একুশে পদক প্রদান করে। সরকার তাকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক নিয়োগ করে।
তিনি তার বর্ণিল জীবনে অসংখ্য পুরষ্কার পেয়েছেন।
আজ বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
বাবা আর ভাইসহ পরিবারের অনেক সদস্যই প্রকৌশলী ছিলেন। বড় হয়ে তাঁর বাবা ও ভাইদের মতো তিনিও বেছে নেন এই পেশা। স্বাধীনতার পর এ দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় প্রতিটির সঙ্গেই জামিলুর রেজা চৌধুরী কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। যুক্ত ছিলেন বঙ্গবন্ধু সেতু নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নে। হাত দেন পদ্মা সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞে। জামিলুর রেজা চৌধুরী একসময় যুক্তরাষ্ট্রে কাজের ডাক পেয়েছিলেন বিখ্যাত আরেক বাংলাদেশি প্রকৌশলী এফ আর খানের কাছ থেকে। দেশে-বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর প্রায় ৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার আর সম্মাননা। এর মধ্যে আছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্বর্ণপদক, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে পাওয়া সম্মানসূচক ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। একসময় বুয়েটে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন জামিলুর রেজা চৌধুরী। দায়িত্ব পেয়েছিলেন ১৯৯৬-এ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও। উপাচার্য ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া বাংলাদেশে আর্থকোয়েক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন অনেক দিন ধরে। সিলেট সিটি কর্র্পোরেশনের উদ্যোগে ভূমিকম্প নিয়ে আয়োজিত বেশ কয়েকটি সেমিনারে তিনি বক্তৃতা করেন।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed