করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৫০৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০৩ জন। ফলে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪,৬৮৯ জন। আর গত ২৪ ঘণ্টায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩১ জনে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনায় নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫০৩ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৮৯ জনে।
তিনি জানান, মারা যাওয়া ৪ জনই পুরুষ। তারা সবাই ঢাকার। বয়স ৫১ থেকে ৬০ এর মধ্যে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মাধ্যমে মোট ১১২ জন করোনামুক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।এ সময়ে আইসোলোশনে নেওয়া হয়েছে ১২৩ জনকে। বর্তমানে আইসোলোশনে আছেন ৯৯৫ জন।
গেল ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। তখন বাড়ানো হয় সতর্কতা। এরপর শনাক্তকৃত রোগীর সংখ্যা মার্চ জুড়ে প্রতিদিন প্রায় একরকমই ছিল। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। ২৬ মার্চ থেকে শুরু হওয়া সেই ছুটি চলছে এখনও। বুধবার (২২ এপ্রিল) সবশেষ জারি করা এক প্রজ্ঞাপনে ছুটি বাড়িয়ে করা হয়েছে ৫ মে পর্যন্ত।
ঢাকা সিটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও করোনার হটস্পট হিসেবে ধরা হয় নারায়ণগঞ্জকে। সেখানে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন রোগী। এছাড়া সেখান থেকে অন্যান্য জেলায় যাওয়ার পরও কয়েকজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এই ভাইরাসকে রুখতে সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য কোনো উপায় এখনও নেই। বিশ্বের অনেক দেশই চেষ্টা চালাচ্ছে এর ভ্যাকসিন উদ্ভাবনের। শতাধিক গবেষণার কয়েকটি মানবদেহে প্রয়োগের কাজও শুরু হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন শঙ্কাও প্রকাশ করা হয়েছে যে, এই ভাইরাসের ভ্যাকসিন হয়তো কোনোদিনই পাওয়া যাবে না।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৫৪। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৭ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৮২ হাজার ৪২৫ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৬৭৮ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৯০ হাজার ৬৫৪ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed