Main Menu

মন্ত্রীর গানম্যানের গুলিতে গাজীপুরে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় সহকারী উপপরিদর্শকের (এএসআই) গুলিতে বৃহস্পতিবার রাতে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর একজন।

নিহত মো. শহিদ টাঙ্গাইলের মির্জাপুরের আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মো. মঈন উদ্দিনও একই এলাকার বাসিন্দা।

ঘটনার পর থেকে ওই সহকারী উপপরিদর্শক পলাতক রয়েছেন।

কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের বাসিন্দা কিশোর কুমার নামের ওই এএসআই বর্তমানে একজন মন্ত্রীর গানম্যানের দায়িত্বে রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, কিশোর কুমার, শহিদ ও মঈন পরস্পরের বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তারা আড্ডা দিচ্ছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটের এক পাশে গুলি লাগে।

ওসি জানান, গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় রাখা হয়।

কিশোরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।-খবর ইউএনবি

Share





Related News

Comments are Closed