Main Menu

দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৪১

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। এতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জনে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, “গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জনে।”

“আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০জন। এতে মোট মৃতের সংখ্যা হয়েছে ৬০ জন। এছাড়া আরও সাতজন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।”

তিনি জানান, গত ২৪ ঘণ্টা ৯ জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছে। এ পর্যন্ত মোট ৭২ জন ছাড়া পেল। আর ৪৪৯৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। মোট হোম কোয়ারেন্টাইনে ৩৩ হাজার ৩শ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৫ জনকে। মোট আইসল্যুশনে রয়েছে ৪৬১ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২১৩৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২০১৯ জনের। নমুনা সংগ্রহ বেড়েছে ৪ শতাংশ এবং পরীক্ষা বেড়েছে ১৬ শতাংশ।

তিনি জানান, মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাত জন, নারী তিন জন। এদের মধ্যে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ এর মধ্যে ১ জন। এদের মধ্যে ছয়জন ঢাকার, চারজন বাইরের।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষ দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।

Share





Related News

Comments are Closed