চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: সামনের কাতারে থেকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাওয়া চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে।’
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে। ’
দেশবাসীর পক্ষ থেকে চিকিৎসকদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতোমধ্যেই তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এজন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।’
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দায়িত্বপালনরত সবার জন্য বিশেষ স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়া হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্য কর্মচারীর জন্য বিমার ব্যবস্থা করা হচ্ছে।’
স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যবিমা ও জীবনবিমা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৭৫০ কোটি টাকা।’
সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই জানিয়ে সরকার প্রধান বলেন, ‘সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন- এটাই দেশবাসীর প্রত্যাশা। একইসঙ্গে সাধারণ রোগীরা যাতে কোনভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’
সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনীর সদস্যরা, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আনা-নেওয়ার কাজে এবং মৃত ব্যক্তির দাফন ও সৎকারের দায়িত্বে নিয়োজিত কর্মীসহ জরুরি সেবা কাজে যারা নিয়োজিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
করোনাভাইরাসের সংক্রমণের সময়ে কৃষকেরা যাতে ধানের ন্যায্যমূল্য পান এজন্যে অতিরিক্ত ধানক্রয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, কৃষকেরা যাতে উৎপাদিত বোরো ধানের ন্যায্যমূল্য পান, সে জন্য চলতি মৌসুমে গত বছরের চেয়ে দুই লাখ মেট্রিক টন অতিরিক্ত ধান কেনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য অতিরিক্ত ৮৬০ কোটি টাকা ব্যয় হবে। কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, এই দুঃসময়ে কৃষি উৎপাদনব্যবস্থা শুধু সচল রাখা নয়, আরও জোরদার করতে হবে। সামনের দিনগুলোয় যাতে কোনো প্রকার খাদ্য–সংকট না হয়, সে জন্য একখণ্ড জমিও ফেলে রাখা চলবে না। এ জন্য কৃষি-সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বীজ, সার, কীটনাশকসহ সব ধরনের কৃষি উপকরণের ঘাটতি যাতে না হয় এবং সময়মতো কৃষকের হাতে পৌঁছায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করার কথা জানিয়ে বলেন, এ তহবিল থেকে ক্ষুদ্র ও মাঝারি চাষিদের কৃষি, মৎস্য, ডেইরি এবং পোলট্রি খাতে ৪ শতাংশ সুদহারে ঋণ প্রদান করা হবে। কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৯ হাজার ৫০০ কোটি টাকা।
এ মুহূর্তে কোনো খাদ্যসংকট নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকারি গুদামে যেমন পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত রয়েছে, তেমনি রয়েছে গৃহস্থদের ঘরে ঘরে।
খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ ও বিতরণব্যবস্থা অটুট রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক সদাশয় ব্যক্তি ও প্রতিষ্ঠানও দরিদ্র জনগণের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। তবে, এসব ত্রাণসামগ্রী ও সহায়তা বিচ্ছিন্নভাবে না বিলিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে শৃঙ্খলার সঙ্গে বিতরণ করা প্রয়োজন। তা না হলে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে।
বিত্তবানদের এই সহায়তা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed