Main Menu

দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এছাড়া করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে।নতুন শনাক্তদের মধ্যে ৬২ জনই ঢাকার।

রোববার (১২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা জানান, নতুন মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। এছাড়া নতুন করে তিনজন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ। তাদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৯ জন।

তিনি বলেন, ‘নতুন সংযোজিত জেলা লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। এই চারটি জেলাতেই আমরা তথ্য বিশ্লেষণ করে দেখেছি, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে ওই সমস্ত এলাকাগুলোতে গিয়েছেন। সেজন্য আমরা বারবার সবাইকে সতর্ক করছি, এইসময়ে আপনারা ভ্রমণ করবেন না। আপনারা বাড়িতেই থাকুন এবং স্বাস্থ্য অধিদফরের পরামর্শগুলো সঠিকভাবে মেনে চলুন।’

দেশে মোট ৬২১ জন আক্রান্তের বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে সর্বোচ্চ সংখ্যায় সংক্রমিত রোগী রয়েছেন ঢাকা শহরে। শতকরা ৫০ ভাগ। ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে শতকরা ৩৫ ভাগ এবং চট্টগ্রাম বিভাগে শতকরা ৬ ভাগ।’

মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে আইইডিসিআর পরিচালক বলেন, ‘দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ নিশ্চিত করা গেছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন মহিলা। তাদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৫০-৬০ বছর বয়সের মধ্যে ১ জন এবং ৭০-৮- বছর বয়সী ১ জন। এই চারজনের মধ্যে দুজন ঢাকায় এবং দুজন ঢাকার বাইরে রয়েছেন।’

বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিনগুলোর তুলনায় গত ৫-৬ দিনে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬২১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল ও আজ দুইদিনে ৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৯ জন।

রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জনের শরীরে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ৪ হাজার ৩১ জন। বর্তমানে চিকিৎসাধীন ১২ লাখ ৬৭ হাজার ৪৫৬ জন। এদের মধ্যে ১২ লাখ ১৬ হাজার ৮৬৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ৫০ হাজার ৫৯২ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডব চলছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭৭ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জনে।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।

বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed