Main Menu

সিলেট জেলা লকডাউন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সিলেট জেলাকে লকডাউন করেছে জেলা প্রশাসন। শনিবার থেকে জেলায় লকডাউন কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। তবে জরুরি সেবাসমূহ এর আওতামুক্ত থাকবে।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএইচএম মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন্

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুরো জেলাকে লক ডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো।”

“জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে জেলা ও উপজেলার প্রবেশ পথগুলো বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলও বন্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে, জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ শনিবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় শনিবার চতুর্থ দিনেও ৪৮টি রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ওসমানী মেডিকেল কলেজের একটি বিশ্বস্ত সূত্র ফের ৪৮টি রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে।

এর আগে ৭ এপ্রিল (মঙ্গলবার) ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ৯৬টি নমুনা পরীক্ষা করা হলে সবকটি পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে বুধবার দ্বিতীয় দিনও ২৪ জনের করোনা সনাক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে এবং বৃহস্পতিবার তৃতীয় দিনও ৪৮ রিপোর্ট নেগেটিভ আসে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সনাক্ত হলেও ৫ এপ্রিল সিলেটে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হন এক চিকিৎসক। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।

Share





Related News

Comments are Closed