৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়তে পারে: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ঘোষিত ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গণভবন থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
প্রধামন্ত্রী বলেন, ‘আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরো কয়েকদিন বাড়াতে হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন সেখানে কোনো রকম যেন এ রোগের প্রার্দুভাব দেখা না দেয় সে সময়টা হিসেব করে- আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪ দিন করতে হবে। … ৯ এপ্রিল পর্যন্ত হতে পারে। ছুটিটা সীমিত আকারে আমাদের একটু বাড়াতে হবে।’
শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় দেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাটা জরুরি। আমাদের দেশটা ছোট কিন্তু জনসংখ্যা বিশাল। এরপরও আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। সেজন্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিয়ন্ত্রণ পর্যায়ে রয়েছে।
সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়ে এ সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ে করণীয় বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
করোনাভাইরাসের কারণে নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম। কিন্তু তাও আমাদের বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণেই এ অনুষ্ঠান না করার অনুরোধ আপনাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও নিম্ন আয়ের মানুষদের প্রত্যেকের কাছে সরকারের পক্ষ থেকে দেওয়া সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। এই কাজে কোনধরনের অনিয়ম, দুর্নীতি হলে সেটা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিপিই সবার জন্য না। যারা ডাক্তার, যারা করোনা রোগীদের সেবায় নিয়োজিত এবং নার্স শুধুমাত্র তারা পিপিই পরবেন। সবাই পিপিই পরতে গিয়ে যারা ডাক্তার উনারাই ঠিকমতো পিপিই পাচ্ছেন না। এখন থেকে পিপিই পরা কাউকে দেখলে তাকেই হাসপাতালে চিকিৎসা করার জন্যে পাঠানো হবে। কারণ এছাড়া তো এখন আর করার কিছুই নাই।
চিকিৎসক বা স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের জন্য পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট বা ব্যক্তি সুরক্ষা সরঞ্জামের (পিপিই) ব্যবহার নিয়ে সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তি সুরক্ষা সরঞ্জাম কোন ধরনের সেবাদাতা ব্যক্তির জন্য কোনটি প্রয়োজন, তাকে ঠিক সেটিই ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
এ বিষয়ে প্রয়োজনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) সচিত্র নির্দেশনা জারিও করতে বলেছেন তিনি।
মতবিনিময়ের এক পর্যায়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, যাদের মধ্যে লক্ষণ আছে, তাদের সবাইকে পরীক্ষা করা হয়েছে। ঢাকার বাইরেও করোনা পরীক্ষার সুবিধা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে।
অধ্যাপক ফ্লোরা পিপিই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের সব জেলা-উপজেলায় পিপিই সরবরাহ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেক স্থানেই যাদের প্রয়োজন নেই, তারাও পিপিই ব্যবহার করছেন। এতে করে যাদের প্রকৃত প্রয়োজন, তাদের পিপিই’র ঘাটতি দেখা দিতে পারে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পিপিই সত্যিকার অর্থে যাদের প্রয়োজন, তাদের কাছে পৌঁছে দিতে হবে। যাদের প্রয়োজন নেই, তাদের পিপিই পরিধান করার প্রয়োজন নেই। যেমন, যারা রোগীদের সরাসরি সেবা দেবেন, তাদের কিন্তু পিপিই অবশ্যই পরতে হবে। কিন্তু হাসপাতালেও যারা সরাসরি রোগী দেখবেন না, তাদের জন্য কিন্তু পিপিই প্রয়োজন নেই। সেভাবে পিপিই’র ব্যবহার নিশ্চিত করতে হবে।
বেশ কয়েকজন জেলা প্রশাসক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন, তারা প্রত্যেকেই পর্যাপ্ত পিপিই পেয়েছেন। তাদের পিপিই’র কোনো সংকট নেই। কেউ কেউ অবশ্য বলেন, যাদের প্রয়োজন নেই, তারাও জেলা প্রশাসকের কাছে পিপিই পাওয়ার জন্য অনুরোধ করেছেন। এর মধ্যে গণমাধ্যমকর্মীরাও রয়েছেন। তবে প্রকৃত প্রয়োজন যাদের, তাদের মধ্যেই পিপিই বিতরণ করছেন তারা।
পরে প্রধানমন্ত্রী বলেন, পিপিই ব্যবহার নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা থাকতে পারে। আমার মনে হয়, আইইডিসিআর বা সংশ্লিষ্টরা এ ক্ষেত্রে পিপিই ব্যবহারের একটি নির্দেশনা তৈরি করে দিতে পারে। প্রয়োজনে সচিত্র নির্দেশনা তৈরি করা যেতে পারে। কারা, কখন পিপিই ব্যবহার করবেন, এটি সবার সঠিকভাবে জানা প্রয়োজন এবং সবার মধ্যে এ নির্দেশনা সঠিকভাবে প্রচারিত হওয়া প্রয়োজন।
গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া সচিবালয় প্রান্তে যুক্ত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। একইসঙ্গে স্বাস্থ্য অধিদফতর ও এর অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সচিবালয় প্রান্তে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed