Main Menu

দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই, ৪ জন সুস্থ

বৈশাখী নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন আইইডিসিআর- এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও চার জন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ১৫ জন।

আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা ফ্লোরা এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘সুস্থ হওয়া ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ছয় জন নারী। তাদের গড় বয়স ২৯ বছর। সর্বনিম্ন বয়স দুই বছর।’

তিনি আরও জানান, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট আটটি।

আইইডিসিআর পরিচালক বলেন, ‘আমরা কেউ ঘরের বাইরে যাবো না। এটি শক্তভাবে পালন করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা পদ্ধতি সম্প্রসারণ করেছি। আপনারা সেখানেও যোগাযোগ করুন। এ ছাড়া, আইইডিসিআরের হটলাইন সব সময় খোলা আছে।’

এর আগে শুক্রবার (২৭ মার্চ) আইইডিসিআর জানিয়েছিল, দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

অন্যদিকে, বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৩৭০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন।

বর্তমানে ৪ লাখ ৩৬ হাজার ৭১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ লাখ ১৩ হাজার ১৫৬ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৩ হাজার ৫৫৯ জনের অবস্থা শংকটাপন্ন।

Share





Related News

Comments are Closed