রূপনগর বস্তিতে আগুনে পুড়েছে দুই শতাধিক ঘর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখন বস্তির কোথাও সুপ্ত অবস্থায় কোনো আগুন আছে কি না, তা পর্যবেক্ষণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে বস্তির দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (১১ মার্চ) বেলা একটার দিকে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) এসব তথ্য জানান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা জানান, রূপনগরের রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের পেছনে ‘ট’ ব্লক বস্তিতে সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে। সেখানে বাঁশ ও টিনের একটি ছাপরাঘরে প্রথমে আগুন লাগে। সেখান থেকে অন্য ঘরগুলোয় আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানান, আগুন লাগলে বস্তির বাসিন্দারা ঘর থেকে দৌড়ে বেরিয়ে যান। কিন্তু তারা কোনো মালামাল ঘর থেকে বের করে নিতে পারেননি।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আরও ইউনিট যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাশ বলেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছে।
দীপক দাশ আরও বলেন, এই বস্তিতে মূলত রিকশাচালক, দিনমজুর, পোশাক কারখানার কর্মীদের মতো নিম্ন আয়ের লোকেরা থাকেন। আগুন লাগার সময় তাদের অনেকেই কর্মস্থলে ছিলেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে সময় লাগবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed