Main Menu

সিলেটে ২দিনব্যাপী কারিগরি চাকরিমেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দশ হাজারের বেশি চাকরি প্রার্থীর অংশগ্রহণে সিলেটে রবিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরি মেলা।

ঢাকা ও সিলেটের ৫০টি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রায় তিনশ খালি পদে এক হাজার কর্মী নিয়োগের লক্ষ্য নিয়ে নগরীর আমান উল্লাহ কনভেশন হলে সকালে মেলার উদ্বােধন করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব। দেশে কারিগরি চাকরির বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বিডিজবস বছরব্যাপী এই চাকরি মেলার আয়োজন করছে।

এ সময় বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুর, কেয়ার বাংলাদেশের রিজিওনাল কো-অর্ডিনেটর সুব্রত কুমার সাহা, বিডিজবসের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আবু তাহের মোহাম্মদ শোয়েব বলেন, উন্নত দেশে বিবিএ, এমবিএ, ডাক্তার ইঞ্জিনিয়ারদের চেয়ে টেকনিক্যাল কাজ জানা লোকেদের আয় রোজগার বেশি এবং চাকরি পাওয়ার সম্ভাবনাও বেশি। এজন্য কোন কাজকে অবহেলা না করে দেশের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে দক্ষতা অর্জন করে বেকারত্ব দূর করা সম্ভব। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্টিকে চাকরি দেয়া সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি দেশের উদ্যোক্তাসহ সকল চাকরিদাতাদের এগিয়ে আসতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, দেশ ডিজিটাল হওয়ার কারণে আজ বিডিজবস একই ছাতার নিচে চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের আনতে পেরেছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিডিজবস যুব সমাজের চাকরির সুযোগ করে দিচ্ছে, এজন্য তাদেরকে ধন্যবাদ।

বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুর বলেন, বছরে ২৪ লাখ যুবক চাকরির বাজারে ঢুকছে। এই বিশাল জনগোষ্টির বেশিরভাগই জেনারেল এডুকেশন ব্যাকগ্রান্ডের এবং এরমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেকার থাকছেন। অথচ মানসিকতা বদলে টেকনিক্যাল এডুকেশন গ্রহণ করলে বেশি বেতনে ভালো চাকরি পাওয়া সম্ভব।

প্রকাশ রায় চৌধুরী বলেন, বর্তমান চাকরি বাজারের বাস্তবতা হলো চাকরিদাতারা দক্ষ কর্মী পাচ্ছেন না, আবার চাকরিপ্রার্থীরা পছন্দের চাকরি পাচ্ছে না। চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কর্মমুখী দক্ষতার অভাবেই এটি ঘটছে। বিডিজবস ডটকম চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যকার দূরত্ব কমানোর জন্য গত ১৬ বছর ধরে দেশের বিভিন্নস্থানে চাকরি মেলা এবং চাকরি বাজারের জন্য প্রস্তুতিমূলক কর্মশালার আয়োজন করে আসছে। সারাদেশের টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাকরি বাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষে দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম (bdjobs.com) কাজ করে যাচ্ছে।

মেলায় সহযোগী হিসেবে রয়েছে কেয়ার বাংলাদেশ। প্রথমবারের মতো সিলেটে শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী এবং পেশায় অভিজ্ঞদের জন্য এ মেলার আয়োজন। আজ মেলায় প্রথম দিন প্রতিষ্ঠানগুলো তাদের আগের থেকে ঘোষণা করা পদের বিপরীতে চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করবে। আগামীকাল বাছাইকৃত আবেদনকারীদেরকে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতকার নিবেন।

Share





Related News

Comments are Closed