Main Menu

করোনা ঠেকাতে সিলেটে মাল্টিসেক্টরাল কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নভেল করোনা ভাইরাস মোকাবেলায় সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামকে প্রধান করে একটি মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির সদস্য সচিব করা হয়েছে সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডলকে।

সিলেটের পুলিশ সুপার, ওসমানী হাসপাতালের পরিচালক, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা সমাজসেবা কর্মকর্তাকে সদস্য রাখা হয়েছে।

এছাড়া, উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে আলাদা কমিটি।

এদিকে, নভেল করোনা ভাইরাস সন্দেহে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি দুবাই প্রবাসীর শরীরের স্যাম্পল সংগ্রহে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল সিলেটে এসেছে।

বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা শহীদ সামছুদ্দিন হাসপাতাল থেকে সন্দেহভাজন ওই রোগীর স্যাম্পল সংগ্রহ করেন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: নুরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, সংগৃহীত স্যাম্পল নিয়ে বৃহস্পতিবারই প্রতিনিধি দলের ঢাকায় ফিরে যাবার কথা।

Share





Related News

Comments are Closed