Main Menu

এমপি রতনকে দুদকে তলব

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ ও ধরমপাশা) এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয় থেকে তার গুলশানের ন্যাম ভবনের ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়। এতে তাকে আগামী ১৮ ফেব্রুয়ারি ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

জানা যায়, বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া (জিকে) শামীমের সঙ্গে সম্পর্ক, ক্যাসিনো ব্যবসা, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ তলব করেছে সংস্থাটি। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের বিবরণে বলা হয়, ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ রয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর দুদক থেকে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।

ওই চিঠিতে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে বলা হয়। গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক।

এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০টি মামলা করেছে দুদক।

Share





Related News

Comments are Closed