Main Menu

জৈন্তাপুরে বিএসএফ‘র ধাওয়ায় দুই বাংলাদেশী আহত

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের ১৩০১ নং অার্ন্তজাতিক পিলার বাঘছড়া এলাকা দিয়ে জোরাই পথে সুপারী অানতে গিয়ে ভারতীয় বিএসএফ ও খাসিয়ার ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে লালাখাল ও জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা জানান, ভারতে প্রবেশ করে সুপারি চুরি করতে গিয়ে খাসিয়া ও বিএসএফ‘র ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।

এলাকাবাসী ও চোরাকারবারীর একটি অংশ জানায়, লালাখাল সীমান্তের ১৩০১ আর্ন্তজাতিক পিলার সংলগ্ন বাঘছড়া এলাকার ভারতীয় উকিয়াং নামক স্থান দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও খাসিয়ার ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হন। আহত দুই নাগরিক সহ অনেকেই প্রতিদিন রাতে সীমান্ত এলাকা দিয়ে গোপনে ভারত থেকে গরু-মহিষ সহ অবৈধ চোরাচালান কাজে যাতায়াত করেন।

আহত দুই বাংলাদেশী নাগরিক হলেন জৈন্তাপুর উপজেলার উত্তর কালিঞ্জী বাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে রাসেল আহমদ (৩০) এবং বাইরাখেল গ্রামের মৃত আব্দুল মুতলিব‘র ছেলে আব্দুল জলিল (২৭)।

আহত দুই বাংলাদেশী নাগরিক সোমবার রাতে গোপনে জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় সাংবাদিক পরিচয় পেয়ে আহত আব্দুল জলিল পালিয়ে যান। রাসেল আহমদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

এ ব্যাপারে জৈন্তাপুর হাসপাতালে দায়িত্বরত আবাসিক চিকিৎসক রুবেল আহমদ জানিয়েছেন রাতে জরুরী বিভাগে চিকিৎসা নিতে রাসেল নামে এজকন রোগী এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Share





Related News

Comments are Closed