Main Menu

বিদ্যুত পেল কানাইঘাটের দনা গ্রামের ৪০৬ পরিবার

কানাইঘাট প্রতিনিধি: বিদ্যুতের আলোয় আলোকিত হলো সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের দুর্গম দনা গ্রাম। ভারত সীমান্ত লাগোয়া এই ইউনিয়ন বরাবরই ছিল অবহেলিত। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাও দুর্গম। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিবর্তনের ছোঁয়া লাগতে থাকে ইউনিয়নজুড়ে। এরই ধারাবাহিকতায় ক্রমে ক্রমে পুরো ইউনিয়নকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়। সর্বশেষ ইউনিয়নের দনা বাজারসহ গ্রামের ৪০৬ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হলো।

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দনা বাজারে এলাকাবাসীর আয়োজনে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে সুইচ টিপে আলো জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি (পবিস-২) এর জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার জাহিদ, এলাকা পরিচালক মাস্টার আব্দুল লতিফ, পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরায়জি।

উপস্থিত ছিলেন ইউনিয়ন সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী সেলিম, কয়ছর রশিদ, ডা. ইসলাম উদ্দিন, আব্দুল মুছব্বির, জামাল উদ্দিন তাপাদার, হুমায়ুন কবির জুয়েল প্রমুখ। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকায় শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করায় এলাকার মানুষ প্রধানমন্ত্রীর প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed