Main Menu

শাহ আরপিন টিলায় গর্ত ধসে পাথর শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় গর্ত ধসে লিটন মিয়া (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত লিটন সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা নারায়নতলা গ্রামের মস্তফা মিয়ার ছেলে।

এ ঘটনায় পাবেল ও আবু তাহের নামের আরো দুই শ্রমিক আহত হয়েছে। কোম্পানীগঞ্জের ইউএনও সুমন আচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও জানান, ওই এলাকার আইয়ুব আলীর ছেলে শাহীন মিয়ার মালিকানাধীন গর্ত ধসে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে অবৈধভাবে পাথর উত্তোলন করতে যান শ্রমিক লিটনসহ আরো ৪/৫জন। এ সময় তিনজন পাথরচাপায় গুরুতর আহত হন। পরে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন মিয়া মারা যান।

এ ঘটনায় গর্তের মালিক শাহিন মিয়ার ম্যানেজার আবদুস ছাত্তারকে আটক করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গর্তের মালিকের ম্যানেজারকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, এর আগে ১৫ জানুয়ারি ভোলাগঞ্জ পাথর কোয়ারির লাল পাথর এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতার গর্তে বোমা মেশিনের বেল্ট ছিড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান পাথর শ্রমিক আব্দুস সালাম (৪৫)। এ ঘটনায় ৫ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Share





Related News

Comments are Closed