Main Menu

বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবেনা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। তিনি বলেন, ‘নতুন করে গৃহস্থালীতের কোন ধরনের গ্যাস সংযোগ প্রদান করা হবেনা। গৃহস্থলীর জন্য এলপিজি ব্যবহার করতে হবে। তবে শিল্প এলাকায় সংযোগ দেয়া হবে, এবং কয়েকটিতে দেওয়াও হয়েছে।’

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়ে মন্ত্রী সিলেট-১ আসনে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের এক বছরের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার ফিরিস্তি তুলে ধরেন। একই সাথে তিনি সিলেটের উন্নয়নে গৃহিত বেশ কিছু মেঘা প্রকল্পের বর্ণনা দেন। গৃহিত এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি ‘উন্নত-আলোকিত’ সিলেট গড়ার মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেরও অঙ্গিকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্ধ দিচ্ছে। এসব বরাদ্ধকৃত অর্থ সঠিকভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যয় হচ্ছে কিনা, এ ব্যাপারে সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’ তিনি বলেন, মুজিববর্ষ পালনে পররাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক দুই বছর মেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর নামে রাস্তার নামকরণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার বসানোর প্রক্রিয়াও চলছে। ইতোমধ্যে সাতটি বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন মিলেছেও।’

মতবিনিময়ে মন্ত্রী আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে দারিদ্রসীমা আরও ৫ শতাংশ কমানোই সরকারের লক্ষ্য। বর্তমানে দারিদ্রসীমা ২০ দশমিক ০৫ শতাংশ, অতি দারিদ্রসীমা ১০ শতাংশ। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দারিদ্রসীমা বর্তমানে ১৮ শতাংশ বলেও উল্লেখ করেন তিনি।’

তিনি সরকারের অর্জনকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে বলেও মন্তব্য করেন। তিনি সিলেট-ঢাকা রেললাইনের এসি কোচ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণসহ তার মন্ত্রীত্ব পাওয়ার এক বছরের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেন হচ্ছে। এই মহাসড়ক নির্মাণের অর্থ বরাদ্দ দিচ্ছে এডিবি। মহাসড়ক ৬ লেন হলে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় সিলেট থেকে ঢাকায় যাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

এছাড়া সিলেট-আখাউড়া রেলপথ ডাবল গেজ করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। রেলপথ সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি সিলেট রুটে চলাচলকারী ট্রেনে নতুন বগি সংযোজন ও নতুন ট্রেন চালুর কথাও জানান তিনি। ওসমানী বিমানবন্দর থেকে শিগগিরই সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিমানবন্দরটিকে যুগোপযোগী ও আধুনিকায়ন করতে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

সিলেটের চিকিৎসা সেবার উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩১ শয্যাবিশিষ্ট খাদিমপাড়া হাসপাতালের আউটডোর চালু করা হয়েছে। পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ওসমানী হাসপাতালে রোগীর চাপ কমাতে নগরীর চৌহাট্টায় ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ এগিয়ে চলছে। ওসমানী হাসপাতালে সেবার মান বাড়াতে বহুতল নতুন ভবন নির্মাণ, নতুন আইসিইউ ইউনিট চালু ও শিশুদের জন্য এনআইসিইউ চালুসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করে অধিগ্রহণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে অবগত করেন তিনি।

সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সুরমা নদীর তীর উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ, ট্রাক ও বাস টার্মিনালগুলোকে আধুনিকায়ন করা, শাহপরাণ দরগা এলাকার সৌন্দর্য্যবৃদ্ধিসহ নগরীকে দৃষ্টিনন্দন করতে গৃহিত ও বাস্তবায়িত প্রকল্পগুলো তুলে ধরেন ড. মোমেন। সুরমা নদী ও তীর ঘিরে ‘দৃষ্টিনন্দন সিলেট’ গড়ার নানা প্রকল্প সম্পর্কেও সাংবাদিকদের অবগত করেন মন্ত্রী।

শিক্ষার উন্নয়নে গত এক বছরে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেট-১ আসনের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন দেওয়া হয়েছে। এছাড়া ১২৮টি কলেজে আড়াই কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। যানজট নিরসনে সিলেটে দুটি রিং রোড নির্মানেরও পরিকল্পনার কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশনকে ১২শ’ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ বরাদ্ধ। সিলেটের সৌন্দর্যবর্ধন এবং জলাবদ্ধতা দূরীকরণে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত একবছরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ব্যাপক উন্নয়ন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ক্যজুয়ালিটি বিভাগ চালু করা, নতুন পরিসরে ইমার্জেন্সি বিভাগ চালু, নতুন এন্ডোক্রাইনোলজি বিভাগ চালু, নতুন আরেকটি মেডিসিন ওয়ার্ড চালু, আইসিইউ-২ নামে নতুন আরেকটি আইসিইউ বিভাগ চালু, অত্যাধুনিক সুবিধা সম্বলিত নতুন একটি সিটিস্ক্যান মেমিণ চালু, নবজাতকের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র চালু, বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিট চালু এরমধ্যে অন্যতম।

ড. আব্দুল মোমেন বলেন, সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েল গেজ করা হবে। তখন এই রুটে নতুন ট্রেন আনা হবে। তারআগে যে ট্রেনগুলো আছে সেগুলো নতুন বগি সংযোজন করা হচ্ছে। যারমধ্যে এসি বগিও থাকবে। আগামী সোমবার এসব নতুন বগি সংযোজন করা হবে।

সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন দেশ নয়, এখন ল্যান্ড অব অপোরচোনিটি (সম্ভাবনার দেশ)। এই মুজিববর্ষে সারা বিশ্বকে আমরা তা জানান দিতে চাই। এজন্য বিশ্বজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। ইতোমধ্যে ইউনেস্কো যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে সম্মত হয়েছে।

বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে প্রত্যেক বিমানবন্দরে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রবাসীদের সেবা দিতে প্রতিটি মিশনে একটি এপস চালু হবে। যে এপসের মাধ্যমে প্রবাসীরা ৩৩ টি সেবা পাবেন। ইতোমধ্যে ৫৮টি মিশনে এটি চালু করা হয়েছে। এছাড়া প্রবাসীদের জীবনমান উন্নয়নে মিশনের মাধ্যমে তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। যাতে তারা আরও বেশি আয় করতে পারেন।

এরআগে দুপুরে সিলেট পৌঁছে সিলেটে চলমান বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ড প্রকল্পের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী। নগরীর দরগাহ গেইট এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিদস্যুদের কোন ছাড় দেয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট সিটি মেয়রের উদ্যোগে এরই মধ্যে ‘ভূমিদস্যু’ সেল গঠন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয় সিভিল ও পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করে যাচ্ছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed