Main Menu

সিলেটে ইউপি চেয়ারম্যান মনফর অস্ত্রসহ গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বহুল আলোচিত চেয়ারম্যার মনফর আলী ওরফে বন্দুক মনফরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যে পৌণে ৭ টায় জালালাবাদ থানাধীন ইসলামগঞ্জ বাজারস্থ ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃৃত মনফর আলী ওরফে বন্দুক মনফর এসএমপি’র জালালাবাদ থানার পুরান কালারুকা গ্রামের মৃত হাজী মন্তাজ আলীর পুত্র ও সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

এসময় পুলিশ চেয়ারম্যান মনফরের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করে।

চেয়ারম্যান মনফরের বিরুদ্ধে অস্ত্রসন্ত্রাস, ভোটডাকাতি, রাহাজনী, চাঁদাবাজি, নারী নির্যাতন, নারী অপহরণ, ধর্ষণ, পুলিশের উপর একাধিকবার গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের উপর গুলিবর্ষনের পৃথক মামলা ও অস্ত্র মামলায় তিনি পলাতক ছিলেন।

তিনি এবং তার বন্দুকের নলের মূখে সিলেট সদরের জালালাবাদ, হাটখোলা ও মোগলগাওঁ এই তিন ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষজনকে জিম্মি করে রেখেছিলেন। কথায় কথায় গুলি চালিয়ে জনগনকে ভীত-সন্ত্রস্থ করে চাঁদাবাজি-সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন এই তিন ইউনিয়ন এলকায়। গত ২০১৫ সালে এলাকার বাজারে বন্দুক দিয়ে বেপরোয়া গুলি চালিয়ে শতাধিক লোককে আহত করেন। সিলেট সদরের সিঙ্গেরখাল নদীতে পাথরকবাহী বিভিন্ন নৌযানে অবাঁধে চাঁদাবাজি করছিলেন। প্রতিরোধ করতে পুলিশ গেলে চলতি বছরের ১৯ জুন জালালাবাদের খাসরগাও এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে চেয়ারম্যান মনফর। পরবর্তীতে এ বছরের ২৫ জুলাই একটি মামলায় তার সহযোগীকে ধরতে গেলে আবারো পুলিশের উপর গুলিবর্ষণ করেন মনফর। এ সময় কয়েকজন পুলিশ আহত হয়। এ দু ঘটনায় মামলা হলে পলাতক থেকে প্রকাশ্যে চাঁদাবাজি ও ইউনিয়ন অফিসের কাজ করে আসছিলেন তিনি ।

সম্প্রতি জালালাবাদ, হাটখোলা ও মোগলগাঁও ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বাসিন্দারা চেয়ারম্যান মনফর আলী ওরফে বন্দুক মনফরের জিম্মিদশা থেকে মুক্তি পেতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন ও স্মারকলিপি প্রদান করলে টনক নড়ে সরকার ও প্রশাসনের। ফলে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

চেয়ারম্যান মনফর ওরফে বন্দুক মনফরকে গ্রেফতারে তিন ইউনিয়নের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এলাকাবাসী অস্ত্রসন্ত্রাসী চেয়ারম্যান মনফরের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।

জালাবাদ থানার অফিসার ইনচার্জ ওকিল উদ্দিন আহমদ চেয়ারম্যান মনফরকে অস্ত্রসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান মনফর আলীকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশ অ্যাসল্টসহ ৯টি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে জানান ওসি।

প্রসঙ্গত, জালালাবাদ থানা এলাকায় ‘মনফর বাহিনী’ ত্রাস হিসেবে পরিচিত বলে অভিযোগ আছে। এ বাহিনীর প্রধান মনফর আলী নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। জালালাবাদে চেঙ্গেরখালে বালুর নৌকা থেকে চাঁদা আদায়ে অভিযুক্ত তিনি। এর আগে একাধিকবার মনফর আলী ও তার বাহিনীর সদস্য গ্রেফতার হন। তারপরও বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ হয়নি।

Share





Related News

Comments are Closed