Main Menu

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে, বিবদমান গ্রুপসমূহের মতানৈক্য নিরসন এবং সম্ভাব্য অপ্রত্যাশিত ঘটনা এড়াতে রিজেন্ট বোর্ডের সদস্যদের মৌখিক অনুমতির প্রেক্ষিতে পূজার নির্ধারিত ছুটির সঙ্গে ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা এখনও বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশের চিঠি দেখেননি। বিষয়টি শুনেছেন। তবে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে। ভিসি পদত্যাগ করলেই কেবল আন্দোলন থেকে সরে যাবেন তারা। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, স্বেচ্ছাচারির মাধ্যমে শিক্ষার্থীদের বহিষ্কার, নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। হাজার হাজার শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Share





Related News

Comments are Closed