Main Menu

ইমামের কক্ষ থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্বকলাদী জামে মসজিদের ইমামের বিশ্রাম কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলো, নিহতরা হচ্ছে- পূর্বকলাদী জামে মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৮), মতলব পৌরসভার নলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মো. রিফাত (১০) ও দশপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র ইব্রাহিম খলিল (১২)। রিফাত ও ইব্রাহিম মতলব পৌরসভার ভাঙ্গাপাড় মাদরাসার ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, পূর্ব কলাদী জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন জুমার নামাজের পর মিলাদ শেষে তার ঘরের সামনে যান। সেখানে গিয়ে তিনি দেখেন তার রুম ভেতর থেকে বন্ধ করা। পরে তিনি রুমের জানালা দিয়ে দেখেন তার ছেলেসহ আরও দুই ছেলে খাটের ওপর পড়ে আছে। অনেক ডাকাডাকি করা হলেও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। পাঁচ মিনিট পর অপর শিশুটিও মারা যায়।

ইমাম জামাল উদ্দিন বলেন, জুমার নামাজের আগে বেলা পৌনে ১টার সময় আমি বয়ান ও খুতবার জন্য মিম্বরের দিকে যাই। নামাজ পড়ানো শেষে মসজিদে মিলাদ পড়িয়ে নিজের রুমে ফিরে আসি। ওই সময় আমার রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখে অনেক ধাক্কাধাক্কি করি। পরে মুসল্লিদের সহায়তায় দরজা ভেঙে দেখি আমার ছেলেসহ অপর দুই শিশু বিছানায় পড়ে আছে।

স্থানীয়রা জানান, দুই মাস আগে পূর্বকলাদী জামে মসজিদের ইমাম হিসেবে জামাল উদ্দিনকে নিয়োগ দেয়া হয়। সেই থেকে তার শিশু সন্তান আব্দুল্লাহ আল নোমানকে নিয়ে তিনি ওই কক্ষে বসবাস করতেন। এক মাস আগে মসজিদ সংলগ্ন মুক্তা ভিলায় তিনি বাসা ভাড়া নেন। তাদের বাড়ি বরগুনার কালাই মুদাফাত গ্রামে। এর আগে তিনি চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড মসজিদে ইমামতি করতেন।

মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তাদের মৃতুর কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed