Main Menu

জাফলংয়ের পিয়াইন নদীতে লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- মৃত ব্যক্তির বয়স ৩৫ বছর হবে। লাশে পচন ধরেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিয়াইন নদীর কান্দুবস্তি এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এএসআই রাজিব রায় লাশটি উদ্ধার করেন। মরদেহটি ভারতের কোন খাসিয়া ব্যক্তির হতে পারে বলে বিজিবি সূত্রে জানতে পেরেছে থানা পুলিশ।

মৃত ব্যক্তি ভারতের দুশা, রাজস্থানের প্রমথ শর্মা (৩৫) বলে ধারণা করছে বিজিবি।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ভারতীয়দের কাছে ওই ব্যক্তির মরদেহটি হস্তান্তর করা হবে।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ভারতের খাসিয়া জনগোষ্ঠী কোন নাগরিকের। পানিতে ডুবে মারা যাওয়ার পর ডাউকি নদীর পানির স্রোতে হয়তো বাংলাদেশের সীমান্তে পিয়াইন নদী দিয়ে ভেসে এসেছে।

Share





Related News

Comments are Closed