Main Menu

সিলেটে তিন প্রবাসীর ওপর হামলার ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জল্লারপাড়ের পাঁচভাই রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনার জেরে তিন যুক্তরাজ্য প্রবাসীকে মারধর ও তাদের গাড়ী ভাঙচুরের ঘটনায় থানার মামলা দায়ের হয়েছে। মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে। কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন ওই তিন প্রবাসীর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার রাতে মামলাটি দায়ের হয়। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।’

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ‘হামলাকারীরা নাহিয়ান, হাসান ও রিমনের পরনে থাকা প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার, ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুটি র‌্যাডো ঘড়ি এবং নগদ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া প্রাইভেটকার ভাঙচুর করে ৬ লাখ টাকার ক্ষতিসাধন করেছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রেস্টুরেন্টের ফটকে হামলার শিকার হন তারা। খবর পেয়ে পুলিশ এসে আহত অবস্থায় তাদের তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতরা হলেন- নগরীর বালুচর চেয়ারম্যান বাড়ির সফিক উদ্দিনের ছেলে হাসান (২৪), একই এলাকার বশির উদ্দিনের ছেলে ইমন (১৮) ও গয়াস মিয়ার ছেলে নাহিয়ান (১৮)। তারা দুই সপ্তাহ আগে দেশে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্র জানায়, পাঁচভাই রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হওয়ার সময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র গ্রুপের কয়েকজন ছাত্রলীগ ক্যাডার তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। এতে তারা প্রতিবাদ করলে ক্যাডাররা তাদের ওপর হামলা করে। এসময় মারধরও করা হয় তাদের। তাছাড়া ব্যবহৃত গাড়িটিও ভাংচুর করে ক্যাডাররা।

Share





Related News

Comments are Closed