Main Menu

১৫০ টাকায় কথা বলা যাবে সারা মাস

বৈশাখী নিউজ ডেস্ক: বিটিসিএল টেলিফোন সেবা আরও জনবান্ধব ও সময়োপযোগী করার লক্ষ্যে টেলিফোনের মাসিক লাইনরেন্ট বাতিল করা হয়েছে।

মাসিক ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি মিনিট কল করা যাবে এবং বিটিসিএল থেকে অন্য যেকোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে মন্ত্রণালয়ে তার দপ্তরে এক বৈঠকে বুধবার (৭ আগস্টএই সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিটিসিএলকে জনবান্ধব এবং লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতা, নিষ্ঠা এবং সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

গ্রাহক সেবা নিশ্চিত করতে বিদ্যমান জনবলকে আধুনিক প্রযুক্তি উপযোগী করে তৈরি, বিডি ডোমেইন নিবন্ধন ফি ও টেলিফোন সংযোগের ডিমান্ড নোট পদ্ধতি পরিবর্তন, গ্রাহক সেবা অটোমেশন করে বিটিসিএলকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে লাগসই কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। অটোমেশন পদ্ধতিতে ঘরে বসেই যাতে গ্রাহকরা সেবা পেতে পারেন এ বিষয়ে দিক-নির্দেশনা দেন মন্ত্রী।

শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য যাতে না হয় সেই লক্ষ্যে দেশের ইউনিয়ন পর্যন্ত বিদ্যমান ব্রডব্যান্ড নেটওয়ার্ক ফাইভজি উপযোগী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বিটিসিএল এর সকল ফোন সচল রাখা ও সেবা প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিসিএল এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed