Main Menu

কুড়িগ্রামে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের তিন উপজেলায় বন্যার পানিতে ডুবে এক প্রতিবন্ধীসহ চার শিশু এবং পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) চিলমারী, উলিপুর ও ফুলবাড়ী উপজেলায় এ ঘটনাগুলো ঘটে।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বাবুল কুমার বলেন, বন্যার পানিতে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা।

এরা হলেন- চিলমারী ইউনিয়নের গাছবাড়ীর মাইদুলের ১৮ মাস বয়সী মেয়ে মনি খাতুন, অষ্টমীর চরের খর্দ্দ বাঁশপাতারী গ্রামের ফরিদুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে হাসানুল হক এবং রানীগঞ্জের চুনমুল পাড়ার প্রতিবন্ধী বীথি (১০)।

বাবুল কুমার আরও বলেন, মনি খাতুন খেলতে খেলতে পানিতে পড়ে এবং হাসানুল হক ঘরের মধ্যে খাট থেকে পানিতে পড়ে মারা যায় বলে স্বাস্থ্যকর্মীরা জানান।

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ইউনিয়নের ব্যাপারী গ্রামে বাড়ির পিছনে খেলতে গিয়ে শিশু হাবিবুল্লাহ (৬) পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের কৃষক মাহবুরের ছেলে।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরজিনা আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার কাশিপুর ইউনিয়নের আটোয়াটারী গ্রামের লোকমানের মেয়ে আলো খাতুন (৩) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

Share





Related News

Comments are Closed