Main Menu

শপথ নিলেন ইমরান-ইন্দিরা

বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী ইমরান আহমদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের ছয় মাসের মাথায় তিনি প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর পদ পেলেন। একই সাথে তার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফজিলাতুন্নেসা ইন্দিরা।

শনিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথ পড়ান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এর আগে গত বৃহস্পতিবার ইমরান আহমদকে মন্ত্রী ও ফজিলাতুন নেসাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ নেয়ার দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

নতুন একজন যুক্ত হওয়ায় এবং পুরোনো একজনের পদোন্নতির পর মন্ত্রিসভার আকার দাঁড়াবে মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইমরান আহমদ। এরপর গঠিত মন্ত্রীসভায় প্রতিমন্ত্রীর পদ পান তিনি।

Share





Related News

Comments are Closed