Main Menu

জাফলং পিয়াইন নদীতে ডুবে যুবক নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতের শক লেগে পানিতে ডুবে হোসেন মিয়া (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

বুধবার (১০ জুলাই) রাতে জাফলংয়ের নয়াবস্তিগ্রাম সংলগ্ন পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে।

হোসেন উপজেলার নয়াগাঙের পাড় গ্রামের গণি মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে হোসেন ও তার কয়েক সহযোগি মিলে তার শশুর বাড়ির এলাকা ছৈলাখেল অষ্টম খন্ড থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পাহাড়ি ঢলের সাথে পিয়াইন নদী দিয়ে আসা জ্বালানী কাঠ সংগ্রহ করতে যায়। কাঠ সংগ্রহের এক পর্যায়ে তার ব্যবহৃত ছাতার সাথে নদীর ওপর দিয়ে বিদ্যুত সঞ্চালনের লাইনে শক লেগে হোসেন মিয়া নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়। নদীতে প্রবল স্রোত থাকায় মুহুর্তের মধ্যেই সে পানিতে ভেসে যায়।

এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, বিষয়টি আমরা শুনেছি। দিনভর বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকায় এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে তার সন্ধানে থানা পুলিশ সহ এলাকার লোকজনও সচেষ্ট রয়েছে।

Share





Related News

Comments are Closed